রাজশাহী-৫ আসনে ৭৯ হাজার ৯৮০ ভোটে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের জয়লাভ
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এরই ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ৭৯ হাজার ৯৮০ ভোট বেশি পাওয়ায় ধানের শীষের প্রার্থীকে বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করে জয়ী ঘোষণা করেন
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আক্তার।
বেসরকারি চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৪৯৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (একতারা) পেয়েছেন ৯৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার (মোটরসাইকেল) পেয়েছেন ৪৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন (হাতপাখা) পেয়েছেন ৬২০ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন।
একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪ টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।