চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে: মিনু
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহীর হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, ‘যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে- সে যেই হোক না কেন; তাকে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত ১৭ বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছেন; তাদের আইনের আওতায় আনা হবে।’
মিনু বলেন, ‘রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সবাই আমার ভাই। আমি চাই, সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব।’
এ সময় মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।