সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদী-আটঘরিয়ায় ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জনই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
ঈশ্বরদী-আটঘরিয়ায় ৭ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৫ জনই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার সামসুন্নাহার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


গণমাধ্যমকে জানানো তথ্য অনুযায়ী পাবনা-৪ আসনে এবারের নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু তালেব মন্ডল এবং তার নিকটতম পরাজিত বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বাদে অন্য ৫জনই তাদের জামানত হারিয়েছেন। 


ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। 


নির্বাচন অফিস সূত্র জানায়, জামানত রক্ষা করতে হলে প্রয়োগকৃত ভোটের মধ্যে আট ভাগের এক ভাগ ভোট প্রয়োজন পড়ে। সে হিসেবে এই আসনে প্রয়োগকৃত মোট ৩ লাখ ১০ হাজার ২০৬ টি ভোটের মধ্যে প্রত্যেক প্রার্থীর জামানতের জন্য প্রয়োজন পড়ে ৩৮ হাজার ৭৭৫ দশমিক ৭৫ ভোট।


প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজয়ী ও নিকটতম প্রার্থীদ্বয় ছাড়া প্রতিদ্বন্দ্বী ৫ জনের মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আনোয়ার শাহ্ পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু পেয়েছেন ২৭ হাজার ৯৭০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম বিপ্লব মল্লিক পেয়েছেন ৯৫৫ ভোট। সিপিবির প্রার্থী মো. সোহাগ হোসেন পেয়েছেন ৪৫৯ ভোট এবং নাগরিক ঐক্যের প্রার্থী শাহানাজ হক পেয়েছেন ১৮২ ভোট।   


এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৩। ভোট পড়েছে৩ লাখ ১০ হাজার ২০৬। এর মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে ৬ হাজার ৪০৩ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এবার শতকরা হিসেবে ৭০.৭৪% ভোট প্রয়োগ করেছেন ভোটাররা।