নাটোরে পোস্টাল ব্যালট ভোট পড়েছে ৮১ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসনে ৮ হাজার ৯শ ৮৮ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮১ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রে গণনা শুরু করা হয়। পরে রাত ১টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের দপ্তর সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নাটোর জেলার ১১ হাজার ১১৩ ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে আট হাজার ৯৮৮জন ভোটারের পোস্টাল ভোট রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহীন। ভোট প্রদানের হার ৮০ দশমিক ৮৯ শতাংশ। নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে দুই হাজার ৩শ’, নাটোর-২ সদর-নলডাঙ্গা আসনে দুই হাজার ৭১৯, নাটোর-৩ সিংড়া আসনে এক হাজার ৭১১ এবং নাটোর-৪ আসনে ২ হাজার ২৫৮টি ভোট পড়েছে।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের দপ্তরে চারটি সংসদীয় আসনের জন্য চারটি ভোট কেন্দ্র চালু করা হয়। এসব ভোট কেন্দ্রে মোট ৩০টি ব্যালট বাক্সে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ব্যালট সংরক্ষণ করা হয়।
পোস্টাল ব্যালট ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন জানান, পোস্টাল ব্যালটের ভোট গণনা সস্পুর্ণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল আসিফ আব্দুল্লাহ, বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আব্দুল ওয়াহাবসহ প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। মোট ৫৬৬টি ভোটকেন্দ্র ছাড়াও যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসন ভিত্তিক চারটি কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রে পিজাইডিং অফিসার নিয়োগ করা হয়।