সোমবার, জুন ২২, ২০২৬

ধানের শীষের নির্বাচন করায় আ.লীগ কর্মীর বাড়ি ও বিএনপি অফিসে হামলা

সোনার দেশ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
ধানের শীষের নির্বাচন করায় আ.লীগ কর্মীর বাড়ি ও বিএনপি অফিসে হামলা

ধানের শীষ প্রতীকের নির্বাচন করায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ কর্মীর বাড়ি ও স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতা কর্মীরা।


বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাচনের ফল ঘোষণার পর আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ খাঁ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেন।


ওই উপজেলার শ্রীকান্তপুর গ্রামের একটি ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থী পরাজিত হন। এতে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে এ হামলা চালান।


ভুক্তভোগী আব্দুল লতিফ খাঁ বলেন, শ্রীকান্তপুর কেন্দ্রে পরাজিত হওয়ায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের ভাতিজা পলাশের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল রাত ১২টার দিকে তাঁর বাড়িতে হামলা চালায়।


হামলাকারীরা বাড়িতে ঢুকে দরজা-জানালা, আসবাব ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, অভিযোগ রয়েছে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যাওয়ার সময়ে স্থানীয় বিএনপির কার্যালয়েও হামলা-ভাঙচুর চালান।


এদিকে হামলার ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে কথা বলতে জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।


জানতে চাইলে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা দাবি করে ওসি বলেন, ‘হামলার শিকার ব্যক্তিকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’


উল্লেখ্য, পাবনা-৪ আসনে জামায়াতের অধ্যাপক আবু তালেব মণ্ডলের কাছে পরাজিত হন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন