সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী-৫ আসনে নির্বাচন শেষে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, বিএনপি এমপিকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন
রাজশাহী-৫ আসনে নির্বাচন শেষে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, বিএনপি এমপিকে জামায়াত প্রার্থীর শুভেচ্ছা

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়নে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের জেলা সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নির্বাচন মনিটরিং কমিটির প্রধান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।


উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াত নেতা মাওলানা মনজুর রহমান। অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।


যদিও এই আসনে বিএনপির আরও দুইজন প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবু ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমানই ছিলেন নবনির্বাচিত এমপির নিকটতম প্রতিদ্বন্দ্বী। ভোটের অনুপাতে বিএনপির ওই দুই বিদ্রোহী প্রার্থী তাঁর ধারেকাছেও ছিলেন না।


জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে জানা যায়, প্রথমে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটনকে মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে সাংগঠনিক কারণ ও কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন করে মাওলানা মনজুর রহমানকে চূড়ান্ত করা হয়।


ফুলেল শুভেচ্ছা জানানোর সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ও মাওলানা আহম্মদ উল্লাহ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান, পুঠিয়া পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, সেক্রেটারি আব্দুল আহাদ মন্টু, পুঠিয়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন ও সেক্রেটারি অধ্যক্ষ জুবায়ের মাসুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হলে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এতে সম্মতি জানান। পাশাপাশি তিনি আগামী দিনে এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন, হানাহানির রাজনীতি পরিহার এবং সামাজিক-রাজনৈতিক বিভেদ দূর করে মানুষের জীবনমান উন্নয়নে সকল পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।