রাজশাহীতে নামাজ পড়তে যাওয়ার সময় গুলিতে দিনমজুরের মৃত্যু
রাজশাহীতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরীর খোঁজাপুর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দিনমজুরের নাম গোলাম মোস্তফা (৫০)। তিনি ডাঁশমারী এলাকার তৈমুর উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই একরামউজ্জামান। তিনি বলেন, গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা যান। তার ডান পায়ে গুলি লেগেছে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। মৃতদেহ হাসপাতালে আছে। তার স্বজনরা এসেছেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোলাম মোস্তফা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পাওয়া গেছে।
ওসি আরও জানান, নিহত গোলাম মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একটি ময়দার মিলে দিনমজুরির কাজ করতেন। আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে।