নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর বসন্ত বরণ
পহেলা ফাল্গুন পালিত হলো বসন্ত বরণ। নিক্বণ মিলনায়তনে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ- এর যৌথ উদ্যোগে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিজ্ঞানী প্রফেসর ইকবাল মতিন, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার ও রাজশাহী জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল, আদিবাসী কালচারাল একাডেমির পরিচালক হরেন সিং ও যমুনা টিভির সিনিয়র সাংবাদিক শিবলী নোমান।
সভাপতিত্ব করেন নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্য গুরু সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না।
বক্তারা বলেন, নিজস্ব সংস্কৃতি দেশ ও জাতির পরিচয় বহন করে। দেশ ও জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব এদেশের প্রতিটি নাগরিকের। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্ণিল সাজে শিল্পীরা বসন্তের মনোমুগ্ধকর নৃত্যশৈলী পরিবেশন করেন।
নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া ও সাদিকা সারোয়ার উপমা। অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন নুর হোসেন মিন্টু। নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ বসন্ত বরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।