সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে এনসিপির একমাত্র প্রার্থী জার্জিস কাদিরের জামানত বাজেয়াপ্ত হচ্ছে

নাটোর প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন
নাটোরে এনসিপির একমাত্র প্রার্থী জার্জিস কাদিরের জামানত বাজেয়াপ্ত হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী ছিলেন দলটির জেলা সদস্যসচিব এস এম জার্জিস কাদির। তিনি নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের হয়ে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।


রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৮১টি। জামানত রক্ষার জন্য প্রার্থীদের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ বা ২৯ হাজার ১৯৮ ভোট পাওয়া প্রয়োজন। সেখানে জার্জিস কাদির পেয়েছেন ২০ হাজার ৭০৭ ভোট। ফলে নির্ধারিত ভোটের চেয়ে ৮ হাজার ৪৯১ ভোট কম পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।


এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী আশীক ইকবাল লাঙ্গল প্রতীকে ২ হাজার ১১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান হাতপাখা প্রতীকে ১৯ হাজার ১০৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ৩৭২ ভোট পান। তাঁরাও জামানত হারাচ্ছেন।


এ আসনে বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নাটোরের চারটি আসনে নির্ধারিত ভোট না পাওয়ায় মোট ১৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে। জেলায় মোট প্রার্থী ছিলেন ২৭ জন।