আগামী মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না: আসিফ নজরুল
আগামী মন্ত্রিসভায় বর্তমান আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের থাকার প্রশ্নই আসে না বলে তিনি নিজেই জানালেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এ কথা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই মন্ত্রিসভায় বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল থাকতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বলে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রশ্নই আসে না।
আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ