জয়পুরহাটে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে আব্দুল হান্নান (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোপীনাথপুর হিমাগারের সামনে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের আব্দুল গণি মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আক্কেলপুর বগুড়া সড়কে ভ্যানচালক তার ভ্যান নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।