সোমবার, জুন ২২, ২০২৬

রাজস্থানের কারখানায় আগুন, দগ্ধ হয়ে মৃত্যু অন্তত আট জনের!

সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
রাজস্থানের কারখানায় আগুন, দগ্ধ হয়ে মৃত্যু অন্তত আট জনের!
রাজস্থানের রাসায়নিক কারখানায় আগুন নেবানোর চেষ্টায় দমকল। সোমবার। ছবি: ভিডিয়ো থেকে।

রাজস্থানের আলওয়ার জেলায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে অন্তত আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কা, ভিতরে আটকে আছেন আরও এক জন। অভিযোগ, রাসায়নিক কারখানার ভিতরে বেআইনি ভাবে বাজি তৈরি করা হচ্ছিল। তা থেকেই অসাবধানতায় বিস্ফোরণ হয়েছে এবং আগুন ধরে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারখানার ভিতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আলওয়ারের ভিওয়াড়ি শহরের ওই রাসায়নিক কারখানায় সোমবার সকালে আচমকা আগুন লেগে যায়। সাতটি দেহ ভিতর থেকে বার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় আরও একটি দেহ। মৃতদের সকলেই উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। আরও অন্তত এক জন ভিতরে আটকে থাকতে পারেন।

আগুনের তাপে ঝলসেই ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ভিওয়াড়ির সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানিয়েছেন, এলাকায় দৈনন্দিন টহলদারির সময় কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে কারখানাটিতে অন্তত ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ওই এলাকায় আরও কারখানা ছিল। আগুন লাগার খবর পেয়ে সেগুলিও খালি করে দেওয়া হয়। শ্রমিকদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল বলে অভিযোগ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন আয়ত্তে এনেছে। প্রত্যক্ষদর্শীরা কারখানা থেকে অন্তত তিন থেকে চারটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। এলাকায় আতঙ্ক রয়েছে।

দমকল অধিকর্তা রাজু খান জানিয়েছেন, গত কয়েক মাস ধরে এই কারখানাটি আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে পড়ে আছে। তবে ভিতরে বেআইনি ভাবে বাজি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন