মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি

সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩ অপরাহ্ন
বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করল ইসি
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন।


এতে উল্লেখ করা হয়, বগুড়া-৬ এবং ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে নির্বাচনী ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করে নির্বাচন কমিশনের কাছে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলো।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটি আসনে জয়লাভের পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছিলেন।


এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের সব কটিতে জয় পান তারেক রহমান। এ আসনে তিনি মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।


অন্যদিকে, ঢাকা-১৭ আসনে তিনি পান ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম খালিদুজ্জামান লাভ করেন ৬৮ হাজার ৩০০ ভোট। অর্থাৎ রাজধানীর এ আসনে তার জয় এসেছে পাঁচ হাজারেরও কম ভোটের ব্যবধানে।


তথ্যসূত্র: বাংলানিউজ, রাইজিংবিডি