মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তানোরে স্কুলের গেট বন্ধ করে তারকাটার বেড়া, ক্লাস না করেই ফিরলেন শিক্ষার্থীরা

তানোর প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তানোর প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
তানোরে স্কুলের গেট বন্ধ করে তারকাটার বেড়া, ক্লাস না করেই ফিরলেন শিক্ষার্থীরা

রাজশাহীর তানোরে নির্বাচনের পরদিন জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশের একমাত্র গেট বন্ধ করে তারকাটার বেড়া দিয়েছে জুমারপাড়া গ্রামের মৃত ইয়াসিন মোল্লার পুত্র রোকন উদ্দীন মোল্লা। নির্বাচনের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে প্রবেশপথে এমন বেড়া দেয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পেরে সেখানেই অবস্থান নেন।


বিষয়টি তানোর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে বেলা ১টার সময় সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হন। বেলা ২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরেই অবস্থান করছিলেন।


এলাকাবাসী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সাথে বাধাইড় ইউনিয়নের জুমারপাড়ায় স্থাপিত ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয় এটি। প্রতিষ্ঠার পর থেকে ওই গেটের রাস্তাটি ব্যবহার করে আসছেন স্কুল কর্তৃপক্ষ। মুন্ডমালা আমনুরা সড়কের পাকা রাস্তা থেকে ১১ফিট জমি রোকন উদ্দীন মোল্লা তার নিজের দাবি করে রাস্তাটি তারকাটার বেড়া দিয়ে স্কুলের গেট বন্ধ করে দিয়েছে।


জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই পাঁকা সড়কের ১১ ফিট জায়গা ছেড়ে বেড়া দিয়ে স্কুলের গেট করা হয়েছে। ওই ১১ ফিট জায়গায় দোকান ঘর করবে মর্মে রোকন উদ্দীন মোল্লা গেট ঘিরে তারকাটার বেড়া দিয়ে স্কুলে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা কেউ স্কুলে যেতে না পেরে গেটের সামনে অবস্থান নিয়ে বসে আছি। এসি-ল্যান্ড স্যার এসেও কোন ব্যবস্থা করতে পারলেন না।


এবিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি} শিব শংকর বসাক বলেন, ওই জায়গাটুকু রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি- সে স্কুলকে ব্যবহার করতে দিবে না মর্মে ঘিরে দিয়েছে। বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি গেট না খুলে দিয়ে চলে গেলেন।  পরে,  শিক্ষার্থীরা স্কুলের পেছনের একটি গলি দিয়ে স্কুলে গেলেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।