চাঁপাইনবাবগঞ্জে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় আরো একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনায় শরিফ উদ্দীন দুলাল নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ, রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শনিবার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে ককটেল তৈরীর সময় বিস্ফোরনে প্রাণহানীর ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়। ওই মামলায় শরিফ উদ্দীন দুলালকে গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিল (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে আহত তিনজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মিলিয়ে এখন এ মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতার হওয়া শরিফ উদ্দীন দুলাল পূর্বে আওয়ামীলীগের রাজনীতি করলেও সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনে আগে তিনি জামায়াতে যোগ দেন ও নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে প্রচারনায় অংশ নেন।
গত শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার দুলালের ভাই কালামের বাড়িতেই ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নিহত হন। আহত হয় আহত বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী নামে তিনজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, তদন্তে শরিফ উদ্দীন দুলালের সংস্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, তদন্তের প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করবে।