একসঙ্গে সচিবালয়ে, পাশাপাশি বসলেন দুই শিক্ষামন্ত্রী
মঙ্গলবার শপথ নেওয়ার পরদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একসঙ্গে সচিবালয়ে ঢুকেছেন।
দায়িত্ব পেয়ে প্রথম কর্মদিবসে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তারা গাড়ি থেকে নেমে সচিবালয়ের ৬ নম্বর ভবনে ঢোকেন।
একসঙ্গে সচিবালয়ে ঢোকার কারণে সাংবাদিকরাও বলেন, আপনারা একসঙ্গে আছেন, আমরা এক ফ্রেমে ছবি নিই।
এহছানুল হক মিলন এ সময় বলেন, শিক্ষা মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
আমরা এখন কিছু বলব না, আমরা বসে কথা বলব।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৮ তলায় এবং ছয়তলায়। পরে ১৮ তলার শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে পাশাপাশি বসেন মিলন ও ববি হাজ্জাজ। সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুই মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় তিনি বলেন, আমি আবারও আগের চেয়ারে বসেছি। এখানে অনেক কাজ। আমরা একসঙ্গে কাজ করব।
ববি বলেন, জনগণের আস্থার জায়গায় কাজ করব।
মিলন ভাই আমার বড় ভাই। ওনার শিক্ষায় অভিজ্ঞতা আছে, উনি আগেও এখানে কাজ করেছেন। তার অভিজ্ঞতা নিয়ে আমরা দুজনে একসঙ্গে কাজ করব। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করব।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবারও খান দুই মন্ত্রী।
তথ্যসূত্র: বাংলানিউজ