বাগমারায় ২৪জন শিক্ষক-কর্মচারীর মাঝে চেক বিতরণ
রাজশাহীর বাগমারায় অবসর নেওয়া ২৪জন শিক্ষক ও কর্মচারীকে সম্মাননা প্রদান এবং তাদের মাঝে চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদর ভবানীগঞ্জে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক সান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজনু মুহাম্মাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ও হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চান্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী মোল্লাহ, মীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অবসর গ্রহণকারী সমিতির সদস্যভুক্ত মোট ২৪ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে প্রধান শিক্ষক ২ জন, সহকারী প্রধান শিক্ষক ১ জন, সহকারী শিক্ষক ১৬ জন, অফিস সহকারী ১ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৪ জন রয়েছেন। তাদের মাঝে সর্বমোট ২২ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত বার্ষিক চাঁদার অর্থে গড়ে ওঠা এ শিক্ষক কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সদস্যদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেন।