বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ট্রাক ড্রাইভার পিতা আহত
রাজশাহীর বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাক ড্রাইভার পিতাকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ড্রাইভার রয়েলের স্কুল পড়ুয়া মেয়েকে প্রায় উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিত বখাটে একই গ্রামের মনিরের ছেলে জিদ (১৮) ।
বিষয়টি বখাটের পিতা-মাতাকে অবহিত করলে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয় জিদ। পরিবারের শাসনের এক পর্যায়ে গ্রাম থেকে দূরে পালিয়ে থাকে জিদ। ভোট দেয়ার অজুহাতে গ্রামে ফিরে আসে বখাটে জিদ।
তার অপর সহযোহী মৃত আফসারের ছেলে টিকলুকে (২৮) দিয়ে রয়েল এবং তাঁর মেয়েসহ পরিবারের সদস্যদের নামে নানা কুৎসা রটাতে থাকে। রয়েল এসব নিষেধ করলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ওই বখাটে।
গৃহকর্তা রয়েল ট্রাক ড্রাইভার হওয়ার কারণে মাঝে মধ্যে বাড়ীর বাহিরে থাকতেন। সেই সুযোগে জানালা দরজায় গিয়ে ধাক্কাধক্কি করে ওই বখাটেরা। প্রায় সময় মোবাইল ফোনে বিরক্ত করত।
ঘটনার দিন মোবাইল ফোনে কথা আছে বলে দুষ্কৃতিকারীরা রয়েল কে ডেকে নেয়।
এর পর এলোপাতাড়ি হাতুড়ি এবং ইট দিয়ে মাথা এবং কাঁধে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রয়েল জানান, তারা আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় মহাজনের দেয়া ট্রাকের টায়ার ক্রয়ের ১ লাখ ২০ হাজার এবং ভাড়ার আরও ৪০ হাজার টাকা সহ ছিনিয়ে নেয় জিদ ও টিকলু।
প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা, আলিয়া ভিকটিমকে রক্ষা করার চেষ্টা করেন। ভিকটিম অজ্ঞান হয়ে গেলে বখাটে জিদ, টিকলুসহ অপর একজন পালিয়ে যায়।
অভিযুক্ত জিদের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, বিরক্ত করার ঘটনা সঠিক নয়। আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল, এখন নাই। আমার মাকে গালি দেয়ার কারণে টিকলু কাকার সাথে রয়েলের মারামারি হয়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।