মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের চারটি ওয়াগান উদ্ধার করা হয়েছে। এতে ৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী ও রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ওই রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।


এর আগে ভোর ৫টার দিকে আমনুরা জংশনের ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী, রহনপুর চাঁপাইনবাবগঞ্জ রুটে চারটি ট্রেন আটকা পড়ে।


রেলওয়ের রিলিফ ট্রেনের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন সময় সংবাদকে জানান, ট্রেন লাইনচ্যুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো উদ্ধার করা হয়। রেললাইনের কিছু মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


এ বিষয়ে আমনুরা জংশন রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোখলেসুর রহমান বলেন, ‘তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বেলা ৩টা পর্যন্ত চারটি ট্রেন আটকা ছিল। এরমধ্যে সকাল ৬টায় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস’, সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী ‘অপরাজিতা কমিউটার’, সকাল ৯টা ১০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ‘আন্তঃনগর কমিউটার’ ও দুপুর ১টায় রহনপুর থেকে ছেড়ে আসা ‘অপরাজিতা কমিউটার’ ট্রেন আটকা পড়ে।’


তিনি আরও বলেন, ‘রেললাইন মেরামত শেষে বেলা ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’