বগুড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে খুন হলো কিশোর
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো. দিলবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন, নামাজ শেষে ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।