চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জামায়াত এমপির
ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল চাঁদাবাজদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যদিও আমরা সরকার গঠন করতে পারি নাই, তারপরও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কাজ করব। বিশেষ করে আমার নির্বাচনি এলাকা ঈশ্বরদী ও আটঘরিয়াতে চাঁদাবাজ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সড়ক পথে ঈশ্বরদীতে ফেরার পথে মুলাডুলি হয়ে শহরে প্রবেশের আগে তাকে সংবর্ধনা প্রদান করে জামায়াতে ইসলামী। তার গাড়িবহর আলহাজ্ব মোড়ে এলে জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় এমপি আবু তালেব মণ্ডল তার বক্তব্যে বলেন, শপথ নিয়েই রেলমন্ত্রণালয়ের সচিবকে আমি ফোন করে রেলগেট সমস্যা নিয়ে কথা বলেছি। মানুষের দুর্ভোগ কমাতে তাকে পদক্ষেপ গ্রহণের কথা বললে তিনি গুরুত্বসহ বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এছাড়া হাসপাতাল, রাস্তাসহ যা যা অবহেলিত হয়ে আছে, সেগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি আবু তালেব মন্ডল শহিদ হাদি এবং জুলাই আন্দোলনে শহিদদের কথা স্মরণ করে বলেন, যদি ২৪-এ জুলাই সংঘটিত না হতো তাহলে হয়ত আমরা নির্বাচন করার সুযোগ পেতাম না। তাই ‘সংবিধান সংস্কার পরিষদ’-বাস্তবায়নে বিএনপির শপথ না নেওয়া দুঃখজনক এবং জুলাইয়ের শহিদদের প্রতি অবজ্ঞা করা হয়েছে। তিনি বিএনপিকে শপথ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে অনেকের ওপর, হামলা, নির্যাতন করা হয়েছে। আমরা আইন নিজ হাতে তুলে নিতে চাই না, কিন্তু হামলা, নির্যাতনকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালেব মন্ডল বলেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের জামিন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে যে মন্তব্য করা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। সাবেক মন্ত্রী, এমপি পরিবারের সঙ্গে আমার কখনোই কোনো সখ্যতা ছিল না, বরং তারাই আমাকে দুই বছর কারাগারে রেখেছিল।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সদস্য মাওলানা গোলাম রব্বানি খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজমসহ জামায়াতে ইসলামী, ছাত্রাশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
এর আগে এপি তালেব মন্ডল ঢাকা থেকে উপজেলার মুলাডুলি বাজারে এসে পৌঁছলে সেখানে সকাল থেকে অপেক্ষমাণ জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা তাকে অর্ভ্যত্থনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে তারা এমপিকে ঈশ্বরদীতে নিয়ে আসেন।