চলতি পথে মিলছে দুই টাকায় ইফতার
চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিশ্বরোড মোড়। সেখানেই সড়কের পাশে টেবিলে পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, কলাসহ বিভিন্ন পদের ইফতার সাজানো। মাত্র দুই টাকার বিনিময়ে পথচারি, রিকশাচালক, সাধারণ মানুষ যে কেউ কিনে নিচ্ছেন এ ইফতার প্যাকেজ।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ইফতারের এ আয়োজন পথচলতি রোজাদারদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে বিশ্বরোড মোড় এলাকায় মাসব্যাপি দুই টাকার বিনিময়ে ইফতার প্যাকেজ বিক্রির এ উদ্যোগ নেয়া হয়েছে।
আয়োজকরা জানান, পথচারী, রিকশা-অটোচালকসহ পথে থাকা মানুষের কথা ভেবেই সড়কের পাশে ইফতার আয়োজন। আর দুই টাকা মূল্য রাখা হয়েছে, যাতে ইফতারটা যারা সংগ্রহ করবেন, তারাও বিব্রতবোধ না হন।
শুক্রবার ইফতার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের ইফতার স্টলে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বুলু বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল কাদের কামাল, ছাত্রনেতা মিম ফজলে আজিম, নাহিদুল হক জনি, হামিদুর রহমান, মোহাম্মদ আজিজুল হক, আলমগীর হোসেন,মোহাম্মদ নূরে আলম তৌসিক, রুমেল, আসিফসহ অনান্যরা।