মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে উড়ানো হলো পতাকা

নিজস্ব প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে উড়ানো হলো পতাকা

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শিলিন্দা এলাকায় পরিত্যক্ত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এছাড়াও উড়ানো হয়েছে জাতীয় ও দলীয় পতাকা।    


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চারজন যুবককে পতাকা ও ছবি ঝুলাতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্লোগানও দিয়েছে। এদিন বিকেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী কলেজ সভাপতি রাসিক দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেন। এরপর শুরু হয় আলোচনা।  


ভিডিওতে দেখা যায়, দুজন মাস্ক পরে ছিলেন। একজন হেলমেট পরে ছিলেন। আর অন্য একজন হেলমেট কিংবা মাস্ক নেননি। তারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে শোনা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়।


২০২৪ সালের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কার্যালয়টির দরজা-জানালা এবং ইটও খুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে। এদের এই নেতাকর্মীরা প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। এরপর ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙান তারা। এরপর বাইরে এসে জাতীয় ও দলীয় পতাকার বাঁশ পুঁতে দেন।  


এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তাকে পাঠানো ম্যাসেজরও উত্তর দেননি।  


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তাবে আমাদের কেউ জানায়নি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কারা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।