সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস পালন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন
পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস পালন

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে নওগাঁর পত্নীতলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের নেতা মো. এনামুল হক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান (আসাদ), নওগাঁ জেলা জামায়াতের নেতা হারুন অর রশিদ প্রমুখ।


দিবসটিতে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। নজিপুর হাইস্কুল মাঠে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. এনামুল হক ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমাদের নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, মহান শহিদ দিবস আমাদের চেতনার উৎস। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এই চেতনা ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।


বিশেষ অতিথি ওসি মো. আসাদুজ্জামান (আসাদ) বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।


অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।


মহান শহিদ দিবসের এই আয়োজন ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।