ফুলবাড়ী সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব।
শিক্ষক পরিষদের সম্পাদক ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাইফুদ্দীন এমরানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম।
বক্তারা বলেন, একুশের চেতনা কেবল ভাষার অধিকার আদায়ের ইতিহাস নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন করে স্মরণ করা হয়।