নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে রাবি প্রধান গেট থেকে একটি প্রভাতফেরি র্যালি বের হয়। উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং মাননীয় ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিনের নেতৃত্বে প্রভাতফেরি শেষে রাবি শহীদ মিনারে ইউনিভার্সিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এরপর সেখানে শহীদদের স্মরণে দোয়া ও নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি শেষে শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী-এর ফ্রি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।
উপাচার্য বলেন, ফ্রি বাস সার্ভিস শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কল্যাণমুখী পদক্ষেপ, যা তাদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময় ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে। তিনি শিক্ষার্থীদের জন্য আরও কল্যাণকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।