শ্রদ্ধা ও শোকের আবহে মোহনপুরে একুশে ফেব্রুয়ারি পালন
রাজশাহীর মোহনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার ও কর্মকর্তাবৃন্দ।
এরপর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন–এর পক্ষ থেকে তাঁর প্রতিনিধি দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পুষ্পস্তবক অর্পণ করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস.এম. মঈনুদ্দীন ও তার নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।
এছাড়াও মোহনপুর মডেল প্রেসক্লাব, মোহনপুর প্রেসক্লাব,কেন্দ্রীয় প্রেসক্লাব, মোহনপুর ঐক্য প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে উপজেলার সর্বত্রই ছিল শোক ও শ্রদ্ধার আবহ, উড়ছিল অর্ধনমিত কালো পতাকা, আর শহীদ মিনারে ছিল নানা বয়সী মানুষের ঢল।