মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরাল

সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরাল
বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার, বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও বাহুবল উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের মধ্যে কথিত ‍একটি ‘উত্তেজনাপূর্ণ’ ফোনালাপকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

দুজনের কথিত ফোনালাপের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। অডিও কলটিতে থানার ওসি সাইফুল ইসলামকে বিএনপি নেতা তুষারের আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।

অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ করে বলেন, ওসি মহাসড়কে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে তা আত্মসাৎ করেছেন। এছাড়া মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তিনি উত্থাপন করেন। বিষয়গুলো নিয়ে তিনি পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অবগত করেছেন বলেও দাবি করেন। পাশাপাশি জুয়া সংশ্লিষ্টতা ও টাকার বিনিময়ে মামলা গ্রহণের অভিযোগও তুলেছেন তিনি।

ফেরদৌস চৌধুরী তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের এসব বক্তব্য তুলে ধরেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ঊর্ধ্বতন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রাইজিংবিডি