মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪২ অপরাহ্ন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের সদস্য
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার বাইপাসের ‘কুষ্টিয়া স্টোর’ ফিলিং স্টেশন-সংলগ্ন সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৫ জন নিহত হন।

নিহতরা হলেন- দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কমেলা বেগম এবং মেয়ে জামাই সিএনজি চালাক জাকারিয়া হোসেন, আশরাফুল ইসলাম নুর ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালি। তারা সম্পর্কে একই পরিবারের চাচা-চাচি, জামাই ও ভাতিজা বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন দাদপুর চরের খিরজার মোল্লার ভাতিজা পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম। তাদের খাজানগরে দাফন করা হয়েছে। 

জানা গেছে, নিহতরা সিএনজিতে করে কুষ্টিয়ার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে আমেনা বেগম, কমেলা বেগম, সিএনজি চালাক জাকারিয়া হোসেন এবং হাসপাতালে নেওয়ার পর আশরাফুল ইসলাম নুর ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালির মৃত্যু হয়।

পদ্মার ভাঙ্গনের কারণে তারা কুষ্টিয়ার খাজানগরে কিছুদিন আগে বাড়ি করেছেন। তারা চকরাজাপুর চরের দাদপুরে আবার কখনো কুষ্টিয়ার খাজানগরে থাকতেন। তারা সিএনজি করে দাদপুর চরে আসার সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান। 

এ বিষয়ে কুষ্টিয়ার হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।