পুঠিয়াও বাঘায় পৃথক সড়কে প্রাণ গেল শিক্ষক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০) উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাজশাহীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে টেনে নিয়ে গিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত শিক্ষক প্রায় ২০ বছর ধরে বেতনবিহীন শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন মিলেছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, “স্যার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ ট্রাক এসে তাকে তুলে নিয়ে পিষে দিয়ে চলে যায়।”
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘাতক ট্রাকটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তার সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়।
এতে তার মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তার পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন আবদুর রশিদ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।