দুর্গাপুরে রাতের আঁধারে পুড়লো দুইটি পান বরজ
রাজশাহী দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাষীর প্রায় দেড় বিঘাা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পান বরজে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত চাষীরা দাবি করেন, পুকুর খননের জমি না দেওয়ায় শত্রুতা করে পান বরজে আগুন ধরিয়ে দিয়েছে একটি পক্ষ। পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজও শেষ পর্যায়ে। এসময় স্থানীয় লোকজনের ‘আগুন- আগুন’ আত্মচিৎকারে সবাই এসে দেখে পানের বরজে আগুন জ্বলছে। এতে যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মাঝ রাস্তা থেকেই ফিরে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবীর ১০ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয় । এই দুই পান চাষীর দাবি- তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনা কাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আসায় পানগুলো রেখেছিলেন। কিন্তু তাদের চোখের সামনে পানগুলো পুড়ে ছায় হয়ে গেলো।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।