মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ অপরাহ্ন
ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদী পৌর শহরের প্রধান বাজারের অভ্যন্তরে ও বাজারের বাইরে রাস্তার পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল বেশ কিছু ব্যবসায়ী।


সেসব দখল করা ফুটপাত এলাকা দখলমুক্ত ও পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে ঈশ্বরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


সোমবার সন্ধ্যায় পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।


অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। এ সময় পৌরসভা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ ও র‌্যাব সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


জানা গেছে, শহরের চাঁদ আলী মোড় থেকে রেলগেট পর্যন্ত স্টেশন রোডের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল দোকানের বাইরে ফুটপাতে রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু ব্যবসায়ী।


ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও পাওয়া যায়।


অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা প্রমুখ।