নাটোরে নাগর নদী থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার
নাটোরে নাগর নদী থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে জেলার সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার নাগর নদীতে শিশুরা মাছ ধরতে গিয়ে একটি প্লাস্টিকের বাক্স খোলার পর বিষয়টি নজরে আসে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সীত্রে জানা যায়, সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের শিশু পুত্র মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাদের বাড়ির পশ্চিম পাশে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরতে যায়।
এসময় তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে তারা এর ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পায়। তবে প্রতিটি গুলির পিছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা ছিল।
শিশুরা বিষয়টি বুঝতে না পেরে বাক্সটি নিজ বাড়িতে নিয়ে রাখে। পরে শিশুর মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় ফোন করে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয় ওই দুই শিশুর মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা হঠাৎ একটি মাঝারি আকারের বাক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। কৌতূহলবশত বাক্সটি খুলে তিনি ভেতরে পিস্তলের গুলি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিক থানায় খবর দেন এবং পরে উদ্ধারকৃত বাক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এবিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ব.ম আব্দুন নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জামের বিষয়টি মোবাইলে জানার পর থানায় আনা হয়।
এছারা গুলিগুলো কোথা থেকে এলো এবং কারা রেখে গেছে তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবিষটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।