সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে সাব্বির ইসলাম (২১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে খুন হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মহানগরীর সপুরা এলাকার টিটিসির সামনেএ ঘটনা ঘটে। ঘটনার আট ঘণ্টা পর মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।


এদিকে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নিহত সাব্বির হোসেন পবা রাইসমিলপাড়ার শাহীন ইসলামের ছেলে। অভিযুক্তের নাম জাসন (২৫)। সে সাব্বিরের দুসম্পর্কের মামা।


স্থানীয়দের ভাষ্যমতে, জাসন মাদকাসক্ত। সম্প্রতি সাব্বিরের বাবা জাসনের মায়ের জমি কেনেন। তা নিয়ে গত দুদিন থেকে দুই পরিবারের মধ্যে ঝগড়া চলে আসছিল। বুধবার দুপুরে ঝগড়ার সময় সাব্বির নামাজ পড়তে মসজিদের উদ্দেশ রওয়ানা হন। তবে আগে থেকে ওঁৎ পেতে থাকা জাসন সাব্বিরের বুকে দুবার ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সাব্বিরকে আমরা দুপুর ২টা ৫ মিনিটে মৃত অবস্থায় পেয়েছি। বুকের মাঝখানে ক্ষত ছিল।


সাব্বিরের মারা যাওয়ার খবর শুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের বাবা শাহীন ইসলাম।


এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে জাসন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা অবিলম্বে মূল আসামিকে আইনের আওতায় আনার দাবি জানান। বিক্ষোভকারীরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না; প্রভৃতি স্লোগান দেন।


আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার  আরিফুজ্জামান সোহেল বলেন, সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল সম্ভাবনা ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম। তিনি দ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আগামীকাল থেকে ক্রীড়াবিদরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।


শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তার দূর সম্পর্কের মামা জাসনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে দুজন কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ফলকাটা চাকু দিয়ে জাসন সাব্বিরের বুকে আঘাত করে। ঘটনাস্থলে জ্ঞান হারায় সাব্বির। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। অভিযুক্তকে আটকের অভিযান চলমান রয়েছে। পরিবার এখনও মামলা দায়ের করেনি। মামলা দায়ের করতে বলা হয়েছে।


সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন  ওসি। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।


ওসি জানান, পুলিশ আসামিকে জাহাজঘাট থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে মূল অভিযুক্তকে গ্রেফতার দেখানো হবে।