মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণী আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণী আত্মহত্যা

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক তরুণী। আত্মহত্যা করার আগে  ফেসবুকে দুটি পোস্ট দেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে তিনি আত্মহত্যা করেন। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 


এই তরুণীর নাম রেজিনা সরকার পাখি (২১)। সে নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহী নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।   


আত্মহত্যার আগে রেজিনা সরকার পাখি তার ফেসবুক আইডিতে একটি চিরকুট পোস্ট দেন। তাতে লেখা আছে, ‘আমি রেজিনা পাখি। আমারা মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’   


এর কয়েক ঘণ্টা আগে সে লেখে, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লেখে, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’


এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেয়। পরে ফেসবুক লাইভে আসে। 


পুলিশ জানিয়েছে, পাখির সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।


রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এরকম ঘটনা শুনে দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একটা চিরকুটও পাওয়া গেছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।