কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা জামিন পেলেও গ্রেফতারের নির্দেশ ডিআইজির
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা জামিন পেলেও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এমন এক বিশেষ নির্দেশনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি দেন। নির্দেশনায় আট জেলার পুলিশ সুপারদের দেওয়া হয়েছে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সই করা নির্দেশনা পাওয়া গেছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই।’
‘প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’
রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো জয়।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রাজশাহী অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যেমন জঙ্গিসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদেরকে শক্ত প্রমাণ সাপেক্ষে আবার গ্রেফতার করতে বলা হয়েছে। কিন্তু আমার চিঠিটাকে ভুলভাবে অনেকে তুলে ধরেছে। আগামীতে যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে। সে দিকে নজর রেখে আমার এই চিঠি প্রেরণ করা হয়েছে। যারা ভালো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না।