ধর্ষণ মামলার আসামি হাজির না হওয়ায় মা-বাবা কারাগারে
মামলার ধার্য তারিখে ধর্ষণ মামলার প্রধান আসামি হাজির না হওয়ায় তার মা-বাবার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচানের মা-বাবাকে জানায়। কিন্তু তারাও ছেলের পক্ষ নিয়ে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরেই আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যাসন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেফতার হয়েছিল। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায়, নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীকালে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
মামলার আসামি পক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ধার্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার মা-বাবার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।