সোমবার, জুন ২২, ২০২৬

সাব্বির খুনের ঘটনায় মামলা, আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
সাব্বির খুনের ঘটনায় মামলা, আসামির স্বীকারোক্তি

রাজশাহীতে সাব্বির খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তার বাবা শাহীন ইসলাম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে মামলার গ্রেফতার রবিউল ইসলাম জাসন (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। 


এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ির সামনে খুন হন সাব্বির। তার বুকে করা হয় ছুরিকাঘাত। সন্ধ্যার পর আসামি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে রাত ৯টার দিকে মিজানের মোড় ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেফতার করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব ও পুলিশের যৌথ দল এই অভিযান চালায়।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন বলে জানিয়েছেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, ‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত জাসন পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। পরে সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


উল্লেখ্য, তরুণ বক্সার সাব্বিরের বাড়ি নগরের শাহমখদুম থানার পবা মিলপাড়ায়। তার বাবার নাম শাহিন ইসলাম। অভিযুক্ত জাসনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আমিরুল ইসলাম। জাসন মাদকাসক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।


জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।