মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচজন

নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
ছাত্রশিবিরের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচজন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচজন শীর্ষ নেতা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়। নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।


৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখার সাবেক সভাপতি। ফাউন্ডেশন সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাবি শাখার সাবেক সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আব্দুল মোহাইমিন। এ ছাড়া, সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাগ্রিকালচার অ্যান্ড এগ্রোনমি বিভাগের শিক্ষার্থী ও বর্তমান রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।


কেন্দ্রীয় কার্যকরী পরিষদে স্থান পেয়েছেন রাবি শিবিরের আরও দুই পরিচিত মুখ। এদের মধ্যে ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমান রাজশাহী মহানগর শিবিরের সভাপতি। অন্যজন হলেন মুজাহিদ ফয়সাল, যিনি বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই এই যোগ্য নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত কেন্দ্রীয় নেতারা আগামী দিনে ছাত্রসমাজের অধিকার আদায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে ছাত্রশিবির। রাবি ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় নেতৃত্বে এমন বড় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় নেতা-কর্মীরা।