মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বগুড়া-৬ উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা

দীপক সরকার, বগুড়া: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
দীপক সরকার, বগুড়া: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন
বগুড়া-৬ উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বাদশা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ছেড়ে দেয়া বগুড়া-৬ সদর আসনটি প্রার্থীতা চুড়ান্ত করেছেন।

বিএনপির দুর্গখ্যাত বগুড়া-৬ (সদর) আসন থেকে উপনির্বাচনে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশাকে দলের প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইকৃত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নাম চূড়ান্ত করা হয়েছে। রেজাউল করিম বাদশা বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি বগুড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সোয়া লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিএনপি’র চেয়ারম্যান তারেক নির্বাচিত হন। তবে গত ১৬ ফেব্রুয়ারি বগুড়ার আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর রেজাউল করিম বাদশা বলেন, “দল তাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বগুড়ার উন্নয়নে কাজ করতে সবার দোয়া ও সহযোগিতা চাই”। শিগগিরই নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করবেন বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে বিজয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট। পরে ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন প্রধানমন্ত্রী।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, তারেক রহমান আমাদের সর্বোচ্চ ঠিকানা। তিনি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোননীত করেছেন। তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন সময় সকলকে এক হয়ে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করা। উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে সংসদে গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রেজাউল করিম বাদশা।

এর আগে ২০২১ সালে জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮২ হাজার ২১৭ ভোট নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে দল থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী (জগ) আবদুল মান্নান আকন্দ পেয়েছিল ৫৬ হাজার ৯০ ভোট। আর ২০ হাজার ৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি। পৌরসভার মোট ভোটার ছিল দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

উল্লেখ্য ১৯৯০ সালের পর বগুড়া-৬ আসনে একাধিকবার উপ-নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির শীর্ষ নেতা একাধিক আসনে জয়ের পর এই আসন ছেড়ে দেওয়ায় নির্বাচন হয়েছে। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত এ আসন থেকে বারবার জিতেছেন (১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮) বেগম খালেদা জিয়া।

২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া‑৬ আসন থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। এরপর তিনিও এই আসন থেকে শপথ না নেওয়ায় ২০১৯ সালের উপ-নির্বাচনে বিজয়ী হন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। এরপর ২০২৪ এর নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি।