বাড়ির সামনে দড়ি টানানো নিয়ে বিতণ্ডায় যুবককে পিটিয়ে হত্যা
বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টানানোর ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর পরিবারের বিরুদ্ধে।
শুক্রবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই মো. আসাদ।
নিহতের নাম জুয়েল আহমেদ। তিনি ওই এলাকার মৃত. মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জুয়েলের ছোটো ভাই প্রবাসী সোহেল আহমেদ গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিবেশী ভাঙ্গারী মালের ব্যবসায়ী বিহারী (নন বেঙ্গলি) মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের দ্বন্দ চলেছিল।
এর মধ্যে শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশ পথে কাপড় শুকানোর দড়ি টানানোর সময় অযাচিত শব্দ ও উচ্ছৃঙ্খলতা করতে থাকে।
এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠি-সোটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল ও সোহেলকে বেধড়ক পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন।
এসআই আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ