মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় স্ত্রীকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
পত্নীতলায় স্ত্রীকে খুন, ঘাতক স্বামী গ্রেফতার!

নওগাঁর পত্নীতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রতিমা চৌধুরী (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী প্রদীপ চৌধুরী (৩৭) বিরুদ্ধে। পরে অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করেছে থানা পুলিশ। স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে প্রদীপ।


স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশিরা জানতে পারে। পরে খবর পেয়ে শনিবার বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। 


নিহত প্রতিমা নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর  গ্রামের নরেশ চৌধুরীর একমাত্র মেয়ে।


নিহত প্রতিমার বাবা নরেশ চৌধুরী  ‘সোনার দেশ’কে বলেন, ‘মাদক সেবন করে আমার মেয়েকে মাঝেমধ্যে মারধর করতেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারপিট করে প্রতিমাকে হত্যা করা হয়েছে।’  


উল্লেখ্য, ওই দম্পতির ৫ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান রয়েছে।’


স্থানীয় এলাকাবাসী এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘ওই পরিবারের দম্পতির মাঝে মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা হতো। মৃত জয়নাথ চৌধুরীর ছেলে খুনি প্রদীপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ফাঁসি কার্যকর করা হলে অন্যরা আর এমন পরিস্থিতির সৃষ্টি করতে সাহস পাবে না।’


পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ ‘সোনার দেশ’কে জানান, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক স্বামী স্ত্রী খুনের দায় স্বীকার করেন।’


ওসি আসাদুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ঘাতক জামাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। আসামীকে নওগাঁ জেলা কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’