মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
সকাল ১০ টার সময়ে অফিসে দেখা মেলেনি ইউএনওসহ ১০ অফিসের অফিস প্রধানের

প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না নাচোলের সরকারি কর্মকর্তারা!

নাচোল প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাচোল প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না নাচোলের সরকারি কর্মকর্তারা!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রধানমন্ত্রী নির্দেশনা মানছে না সরকারি কর্মকর্তারা। রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত অফিস করার কথা থাকলেও নাচোল ইউএনও সহ উপজেলার প্রায় ১০টি অফিসের প্রধানরা সরকারি নিয়ম মানছেন না।  রোববার (১ মার্চ) উপজেলার বিভিন্ন সরকারি অফিসে সকাল ৯ টায় গিয়ে এমনই দৃশ্য ধরা পড়েছে। নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছেমতো অফিস করছেন উপজেলার বিভিন্ন দপ্তরের বেশির ভাগ কর্মকর্তা। এতে ভোগান্তির শেষ নেই সেবা প্রত্যাশীদের।


এতে এলজিইডি অফিস, জনস্বাস্থ্য, নির্বাচন অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ,উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, পরিসংখ্যান, যুব উন্নয়ন কর্মকর্তাদের কেউ অফিসে আসেনি। এর মধ্যে কয়েকটি অফিস খোলা থাকলেও কোন অফিসার নেই। গুটিকয়েক কর্মচারী উপস্থিত ছিলেন।


মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে নতুন নিয়মে জানানো হয়, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল ৯ টায় নিজ দপ্তরে উপস্থিত হতে হবে এবং বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারি শৃঙ্খলা আইন ২০১৪-এ বলা হয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারি পরপর দুইদিন দেরিতে কার্যালয়ে আসলে তার এক দিনের মূল বেতন কাটা যাবে। অফিসের সময় শেষ হওয়ার আগে বের হয়ে গেলেও এক দিনের বেতন কেটে নিবে সরকার। কিন্তু বাস্তবে এ আইনের প্রয়োগ নেই। আইনটি কাগুজে আদেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।


রোববার সকাল ১০টায় উপজেলার আমজোয়ান গ্রামের রহিম ও সাদেকুল ইসলাম জানান, আমরা উপজেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ডের জন্য এসেছিলাম, কিন্তু নির্বাচন কর্মকর্তা দুলালকে না পেয়ে বাড়ি চলে যাচ্ছি। রমজান মাসে এ যেন এক চরম ভোগান্তি বলে জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে নাচোল উপজেলা সরকারি অফিসের এক কর্মচারি বলেন, ‘শুধু আজকে না প্রতিদিন এসব কর্মকর্তা অফিস ফাঁকি দেন। এভাবে চলতেছে বহুদিন। আমরা কয়েকজন কর্মচারি শুধু অফিসে নিয়মিত থাকি। আইন সবার জন্য সমান হওয়া দরকার।’


নির্দিষ্ট সময়ে ইউএনও-এসিল্যান্ডসহ উপজেলার বেশির ভাগ কর্মকর্তাই অফিসে উপস্থিত ছিলেন না। যার ভিডিও ও স্থির চিত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। বেশির ভাগই কর্মকর্তা রাজশাহী থেকে কমউিটার  ট্রেন পৌনে এগারটার দিকে নাচোলে অফিসে আসেন বলে অভিযোগ রয়েছে সেবাগ্রহীতাদের।


এবিষয়ে চাঁপাইনবাাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি সরকারি অফিসের কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে অফিসে এসে উপস্থিত হতে হবে। যারা এসব মানছেন না তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।