বাগমারায় শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলায় এলাকায় আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ভবানীগঞ্জ পৌরসভার হেদায়তিপাড়া এলাকায় ঘটেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটলেও রোববার (১ মার্চ) তা জানাজানি হয়েছে। এদিন দুপুরে শিশুর বাবা বাদী হয়ে বাগমারায় থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৬০)। তিনি একটি স মিলের মালিক।
এজাহারে বলা হয়েছে, শিশুটিকে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়। ঘটনার তিনদিন আগে প্রথমবার চেষ্টা করা হয় এবং শনিবার আনুমানিক সকাল ১১টার দিকে আবারও একই ধরনের ঘটনা ঘটে।
শিশুটি তার পরিবারের সদস্যদের বলে, আব্দুস সাত্তার লোকটা ভালো না। ও আমাকে ডাকছিল, আমি ভয় পেয়ে বাসায় চলে আসছি। শিশুর কথাবার্তা ও আচরণে অস্বাভাবিকতা দেখে তারা উদ্বিগ্ন হয়ে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন। পরে শিশু তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা আইনগত পদক্ষেপ নেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, শিশুটির বাবা থানায় এসে মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে সোমবার আদালতের পাঠানো হবে।