মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বগুড়ায় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ মার্চ ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
বগুড়ায় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
সভায় বক্তব্যে রাখেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির উদ্যোগ বগুড়া আকবরিয়া হোটেলের তৃতীয় তলায় কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। 


আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সভাপতি হাসান আলী আলাল। সভায় উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী বলেন, বিভিন্ন অভিযানের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা আইনের অপপ্রয়োগ করে শিল্প কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। সেই সাথে ব্যবসায়ীদের সামাজিক মর্যাদাও ক্ষুন্ন করছে এবং ব্যবসায়ীদের সাথে ব্যাপক দুর্ব্যবহার করছে।


অবিলম্বে এই সকল অপকর্ম বন্ধ করতে হবে। তা না হলে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এই সব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এই সভা থেকে নবনির্বাচিত সরকারের কাছে আমাদের জোর দাবি ভোক্তা অধিকার আইন সংশোধন করে অভিযোগকারী ২৫% কমিশন বাতিল করতে হবে। কমিশনের লোভে কিছু মানুষ অসাধু কিছু কর্মকর্তার সাথে যোগসাজসে লক্ষ লক্ষ টাকা জরিমানা করছে।


কারখানার স্বাস্থ্য সম্মত পরিবেশ ও মান সম্মত খাদ্য প্রস্তুত নিশ্চিত করার জন্য প্রত্যেক জেলার সমিতিগুলোকে দায়িত্ব দেন এবং বেকারি লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে সমিতির সুপারিশ বাধ্যতামূলক করা হোক। তবেই অবস্থার উন্নতি হবে। এভাবে বিক্ষিপ্তভাবে অভিযান করে কোন লাভ হবে না। 


সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলার সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন, নওগাঁ জেলা সভাপতি কাজী জিয়ায়ুর রহমান বাবলু, জয়পুরহাট জেলা সভাপতি নাজির শামীম, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মো. মুরসালীন, সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলার সভাপতি মো. সাইফুল্লাহ, নাটোর জেলার সভাপতি মো. মোবারক হোসেন। এছাড়াও সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।