রাবি শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। রোববার (১ মার্চ) রাতে নতুন সেটআপে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা জানিয়ে দেওয়া একটি প্রতিবাদ লিপির মাধ্যমে এই নতুন পরিচয়ে সামনে আসেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামক একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন জুলাই হিরো অ্যাওয়ার্ড।
ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ মেহেদী সজীব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির নেতা ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রেখেছিলেন বড় ভূমিকা। তবে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেন নি তিনি।
ফলে মাত্র ৩২৩টা ভোট পেয়েছিলেন এই হ্যাভিওয়েট প্রার্থী। অজানা কারণে রাকসুর নির্বাচনের এক-দেড় মাস আগে থেকে সম্পূর্ণ মাঠের বাইরে চলে যান তিনি। তবে গেল দেড়-দুই মাস থেকে আবারও সক্রিয় হতে দেখা যায় তাকে।
ছাত্রশিবিরে যোগদানের বিষয়ে জানতে চাইলে মেহেদী সজীব বলেন, আমি অনেক আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক রাজনীতির সাথে যুক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতির কারণে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমি প্রকাশ্যে শিবিরের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করেছি।