মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ দালাল আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ দালাল আটক

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ দালালকে আটক করা হয়েছে। সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে পাবনা জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে এসব দালালদের আটক করে ভ্রাম্যমান আদালত।


রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৯ দালালকে বিভিন্ন মেয়াদে  বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।


কারাদন্ড প্রাপ্তরা হলেন নূর মোহাম্মাদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন  পারু বেগম। ভ্রাম্যমান আদালতের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই দালালচক্র ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। ইতোপূর্বে এনিয়ে অভিযোগ ওঠে যে দালালদের দৌরাত্মের কারনে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।


জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আনিচ-উর রহমান জানান ‘আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।


ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, এখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চিকিৎসক দেখিয়ে বাইরে এলেই এসব দালালদের খপ্পরে পড়ে বিভ্রান্ত ও বিরক্ত হন। প্রায়ই এ ধরনের অভিযোগ করা হয়ে থাকে। প্রশাসন এভাবে তৎপর থাকলে স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করাও সহজ হয়।