রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতিকে সাময়িক অব্যাহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. বনি আদমের বিরুদ্ধে কিছু শিক্ষার্থীর অভিযোগ, বিভাগের শিক্ষকদের অনাস্থা এবং নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বাপর ঘটনা খতিয়ে দেখে সুপারিশ প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তের স্বার্থে তদন্ত চলাকালীন সময়ে প্রফেসর ড. বনি আদম-কে ১ মার্চ অপরাহ্ন থেকে সভাপতির দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, তদন্তের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আলী ১ মার্চ অপরাহ্ন হতে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
এই বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. বনি আদম বলেন, আমি আদেশটি পেয়েছি। কোন শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমার জানা নেই। জানামতে, আমার শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেয়নি। সম্প্রতি নতুন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিভাগের শিক্ষকদের একটি অংশ অযৌক্তিকভাবে বিভাগে কয়েক দফায় অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করেছিলেন।
পরে প্রশাসনের হস্তক্ষেপে তা সচল করা হয়। আজ পর্যন্ত বিভাগের সার্বিক কার্যক্রম সচল ছিল। যেহেতু প্রশাসন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটিকে সাধুবাদ জানাই। আমিও চাই একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসুক।
উল্লেখ্য, চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণের অভিযোগ তুলে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করেন বিভাগের একাংশ শিক্ষার্থী। এ সময় অধ্যাপক বনি আদমের শাস্তি দাবি করেন তারা।