বোনকে খুন করে ‘বোরকা পরে’ সৎ ভাইয়ের পালানোর চেষ্টা, জনতার হাতে আটক
চট্টগ্রামে বোনকে খুনের অভিযোগে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি বোরকা পরে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ বলছে, বিভিন্নভাবে ঋণগ্রস্থ হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর ‘আর্থিক লেনদেনের কারণে’ তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।
হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় সোমবার রাতে ছেনোয়ারা বেগমকে (৪৮) তার নিজে বাসায় কুপিয়ে খুন করা হয়। তিনি ওই এলাকার সাবের আহমদের স্ত্রী।
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা জানে আলম (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি তিনি ছেনোয়ারা সৎ ভাই, হালিশহর হাজার পুকুড় পাড় এলাকায় তার বাসা।
হালিশহর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জানে আলমকে আসামি করে হালিশহর থানায় একটি মামলা হয়েছে।
“প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করলেও তদন্তের স্বার্থে জানে আলমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছেনোয়ারার ছেলে সেকান্দার হোসেন রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানে আলম আগে পানের ব্যবসা করলেও লোকসানে পড়েন তিনি। ‘নেশাগ্রস্ত’ জানে আলম বিভিন্ন সময়ে তাদের বাসায় গিয়ে টাকা পয়সা চাইতেন বলেও অভিযোগ করেন রবিন।
তিনি বলেন, “বাসায় মা, বাবা, আমি ও আমার স্ত্রী থাকি। সোমবার আমার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আমি এবং আমার বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয় লোকজনের জটলা দেখা যায়। যেখানে মামাকে রক্তাক্ত ছুরিসহ আটকে রাখতে দেখা যায়।”
রবিনের ভাষ্য, সোমবার রাতে বাসায় কেউ ছিলেন না জেনেই জানে আলম তাদের বাসায় গিয়েছিলেন।
রবিন বলেন, “ব্যবসায় লোকসান গুনে আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ায় মামা অনেক ঋণগ্রস্থ ছিলেন। প্রতি মাসে ৭ হাজার ৩০০ টাকা করে একটি ঋণের কিস্তি তিনি পরিশোধ করছেন।”
স্থানীয় কয়েকজন যুবক বলেন, রাতে বোরকা পরে এক লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তাকে দাঁড়াতে বললে তিনি দৌঁড়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
তাকে ধরার পর হাতে রক্ত দেখা যায় এবং সাথে থাকা বাজারের ব্যাগে লোহার রড ও ধারালো অস্ত্র ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পরে তিনি কোন বাসা থেকে বের হয়েছেন লোকজন জানতে চান। সেই বাসায় নিয়ে যাওয়ার পর সেখানে রক্তাক্ত অবস্থায় ছেনোয়ারাকে দেখতে পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তথ্যসূত্র: বিডিনিউজ