পার্বতীপুরে ৭ মাদকসেবির কারাদণ্ড ও জরিমানা
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৭ মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
জানা গেছে,মাদক সেবনের দায়ে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানিয়েছেন,পার্বতীপুর রেলওয়ে শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২),আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬) ও জাবেদ (২৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদক সেবনের দায়ে ঘটনাস্হলেই ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে কারাদণ্ড ও জরিমানা শাস্তি প্রদান করেন। একই দিন বিকেলে আসামীদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।